সৌরবিদ্যুৎ প্রকল্পে ৬ শতাংশ সুদে মিলবে ঋণ, ১৫০০ কোটি টাকার তহবিল গঠন করছে সরকার

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ১ হাজার ৫০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করছে সরকার। এই তহবিল থেকে সৌরবিদ্যুৎ প্রকল্পে ঋণ নেওয়া যাবে সর্বোচ্চ ৬ শতাংশ কার্যকর সুদে।

অর্থ মন্ত্রণালয়ের সামষ্টিক অর্থনীতি অনুবিভাগ বুধবার জারি করা এক পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। সরকারের দেওয়া ঋণের সুদহার হবে বার্ষিক ৩ দশমিক ৫ শতাংশ।

ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১০ বছর। এর মধ্যে এক বছর থাকবে গ্রেস পিরিয়ড।

কোন কোন প্রতিষ্ঠান অর্থায়ন পাবে

তিনটি প্রতিষ্ঠান এই তহবিল থেকে ঋণ বিতরণ করবে। প্রতিষ্ঠানগুলো হলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল), বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০০ কোটি টাকা করে দেওয়া হবে। তারা সরাসরি অথবা সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ বিতরণ করতে পারবে।

যেসব কাজে ঋণ ব্যবহার করা যাবে

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা ও নেট মিটারিং সংযোগ স্থাপনে এই ঋণ নেওয়া যাবে। সোলার হোম সিস্টেম এবং শিল্পপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনেও এটি ব্যবহার করা যাবে।

সৌরচালিত সেচ পাম্প, ইনভার্টার, মিটার ও ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থাসহ বিভিন্ন নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি স্থাপন, সম্প্রসারণ ও আধুনিকায়নে এ অর্থ ব্যয় করা যাবে।

তবে পুরোনো ঋণ পরিশোধ, ঋণ পুনঃঅর্থায়ন, জমি বা শেয়ার কেনা এবং ব্যক্তিগত ভোগে এই তহবিল ব্যবহার করা যাবে না।

তহবিলের উৎস

১ হাজার ৫০০ কোটি টাকার মধ্যে ১ হাজার কোটি টাকা আসবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এমএসএমই খাতের জন্য সংরক্ষিত বরাদ্দ থেকে। বাকি ৫০০ কোটি টাকা পরিচালন ঋণ থেকে সংস্থান করা হবে।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে ৩০ দিনের মধ্যে কর্মসূচির নির্দেশিকা এবং ঋণনীতি অর্থ বিভাগে জমা দিতে হবে।

সরকারের লক্ষ্য

জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে সৌরবিদ্যুতের বিস্তার ঘটানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। এতে বিদ্যুৎ উৎপাদন ব্যয় এবং সরকারের ভর্তুকির চাপও কমবে বলে আশা করা হচ্ছে।

জ্বালানি অর্থনীতিবিদ শফিকুল আলম কম সুদের এই তহবিল গঠনকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে স্বল্প সুদে ঋণ দিতে সরকার যে তহবিল গঠন করেছে, এ ধরনের তহবিল আগে ছিল না’।

তবে নিম্ন আয়ের মানুষের জন্য শুধু ঋণসুবিধা যথেষ্ট নাও হতে পারে বলে তিনি মনে করেন। তার মতে, দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের জন্য সরকারের ক্যাপিটাল সাবসিডি চালু করা উচিত।

Leave a Comment