জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ঢাকা থেকে বিভিন্ন জেলার বাসভাড়া পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন তালিকা অনুযায়ী, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সার স্থলে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিআরটিএর ওয়েবসাইটে এই নতুন ভাড়ার তালিকা প্রকাশ করা হয়। এর আগে ২২ সেপ্টেম্বর বাসভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ক্ষেত্রে কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে। ডিটিসিএ আওতাধীন এলাকার মিনিবাসের ক্ষেত্রে ভাড়া ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
সায়েদাবাদ রুটের নতুন ভাড়া
ঢাকার সায়েদাবাদ থেকে চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৫২ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা-কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ৯০০ টাকা এবং ৪০ আসনের বাসে ১১৪৭ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
সায়েদাবাদ-সিলেট রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৫৮০ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৪০ টাকা। সায়েদাবাদ-বরিশাল রুটে ৫১ আসনের বাসে ৪৬৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৯২ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
সায়েদাবাদ-খুলনা রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৫৪১ টাকা এবং ৪০ আসনের বাসে ৬৯০ টাকা। সবচেয়ে দীর্ঘ রুট সায়েদাবাদ-টেকনাফে ৫১ আসনের বাসে ভাড়া ১০৪৭ টাকা এবং ৪০ আসনের বাসে ১৩৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
গাবতলী রুটের নতুন ভাড়া
ঢাকার গাবতলী থেকে পঞ্চগড় রুটে ৫১ আসনের বাসে ভাড়া ১০০৫ টাকা এবং ৪০ আসনের বাসে ১২৮১ টাকা। গাবতলী-রংপুর রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৭৫১ টাকা এবং ৪০ আসনের বাসে ৯১১ টাকা।
গাবতলী-দিনাজপুর রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৯৭৪ টাকা এবং ৪০ আসনের বাসে ১২৪১ টাকা। গাবতলী-রাজশাহী রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৭৫৬ টাকা এবং ৪০ আসনের বাসে ৯৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
চট্টগ্রাম ও পার্বত্য রুটের ভাড়া
ঢাকা থেকে রাঙ্গামাটি রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৬৯৭ টাকা এবং ৪০ আসনের বাসে ৮৮৯ টাকা। ঢাকা-বান্দরবান রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৭২২ টাকা এবং ৪০ আসনের বাসে ৯২০ টাকা।
ঢাকা-খাগড়াছড়ি রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৬২৮ টাকা এবং ৪০ আসনের বাসে ৮০১ টাকা। ঢাকা থেকে পানছড়ি রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৬৩৯ টাকা এবং ৪০ আসনের বাসে ৮১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
মহানগরীতে সর্বনিম্ন ভাড়া অপরিবর্তিত
ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার হার বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে। ভাড়ার ভগ্নাংশের ক্ষেত্রে ৫০ পয়সার বেশি হলে ১ টাকা যুক্ত হবে এবং ৫০ পয়সার কম হলে তা নেওয়া যাবে না।
বিআরটিএ জানিয়েছে, গ্যাসচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে নতুন ভাড়ার হার প্রযোজ্য হবে না। নতুন ভাড়া কার্যকর হয়েছে ২৩ সেপ্টেম্বর থেকে।