রাজধানী ঢাকায় অফিস খুলতে আগ্রহ প্রকাশ করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এই তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণসহ নিউইয়র্ক সফরের প্রথম দিনের কর্মসূচি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মেটার সঙ্গে ফলপ্রসূ আলোচনা
শামা ওবায়েদ বলেন, ‘আজকে আমাদের মেটার সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ মিটিং হয়েছে। প্রধানমন্ত্রীর সেখানে থাকার কথা ছিল। সময়ের কারণে থাকতে পারেননি।’
তিনি জানান, বৈঠকে ঢাকায় মেটার অফিস খোলার বিষয়ে আলোচনা হয়েছে। মেটা কর্তৃপক্ষ ঢাকাকে তাদের কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আগ্রহী।
বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী বেশি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতের চেয়েও বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী বেশি। এ কারণেই মেটা বাংলাদেশের বাজারে গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও জানান, বাংলাদেশে মেটার অফিস খোলার ব্যাপারে প্রতিষ্ঠানটি অত্যন্ত আগ্রহী।
সাইবার নিরাপত্তা ও ই-কমার্স নিয়ে আলোচনা
বৈঠকে বাংলাদেশের সাইবার সিকিউরিটি অ্যাক্ট (সিএসএ) নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি দেশের ই-কমার্স ও অনলাইন ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে মেটা সহযোগিতা করবে বলে জানিয়েছেন শামা ওবায়েদ।
এর আগে গত আগস্টে বিটিআরসি সভায় মেটা প্রতিনিধিদল বাংলাদেশে স্থানীয় কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক বা এজ নোড স্থাপনে আগ্রহ প্রকাশ করেছিল।
মেটা জানিয়েছে, বর্তমান সরকারের নতুন ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৬-এ আগের আইনি প্রতিবন্ধকতা না থাকায় তারা বাংলাদেশে অবকাঠামো ও অফিস স্থাপনের বিষয়ে দ্রুত এগোতে চায়।
ঢাকায় মেটার অফিস খোলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, প্রক্রিয়াটি ইতিবাচক দিকে এগিয়ে চলছে।