দেড় মাস পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬০.৬ কোটি ঘনফুটে

দীর্ঘ দেড় মাসের সংকটের পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬০ দশমিক ৬ কোটি ঘনফুটে দাঁড়িয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় এই সরবরাহ নিশ্চিত করেছে পেট্রোবাংলা।

এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে এসেছে ১৬১ দশমিক ৫ কোটি ঘনফুট এবং আমদানি করা এলএনজি থেকে ৯৯ দশমিক ১ কোটি ঘনফুট।

সোমবার একই সময়ে সরবরাহ ছিল ২৩৪ দশমিক ৫৩ কোটি ঘনফুট। সে হিসাবে এক দিনেই সরবরাহ বেড়েছে ২৬ দশমিক শূন্য ৭ কোটি ঘনফুট।

পেট্রোবাংলার পরিচালক প্রকৌশলী মো. শোয়েব এই তথ্য নিশ্চিত করেছেন।

সংকটের কারণে গত ২১ জুলাই মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার পর সরবরাহ ব্যাপকভাবে কমে গিয়েছিল।

ওই ঘটনার পর এলএনজি সরবরাহ অর্ধেকে নেমে আসে। কিছুদিন আগে সরবরাহ নেমে এসেছিল ২৩৭ কোটি ঘনফুটে।

সোমবার রাত ১০টা থেকে এলএনজি সরবরাহ বাড়িয়ে দৈনিক ৯৮ কোটি ঘনফুটে উন্নীত করা হয়।

দেশে দৈনিক গ্যাসের প্রকৃত চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। তবে ২৬৫ থেকে ২৭০ কোটি ঘনফুট সরবরাহের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

চলতি মাসে ১০টি এলএনজি কার্গো আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৯টি কার্গো আমদানি নিশ্চিত হয়েছে।

এর মধ্যে যুক্তরাষ্ট্রের দুটি, সৌদি আরবের আরামকোর দুটি এবং খোলাবাজার থেকে পাঁচটি কার্গো কেনা হয়েছে।

চট্টগ্রাম অঞ্চলে গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে ফিরেছে। শিল্প কারখানায় সরবরাহও বাড়তে শুরু করেছে।

Leave a Comment