ভূমি মন্ত্রণালয় নতুন একটি মোবাইল অ্যাপ চালু করতে যাচ্ছে, যার নাম ‘ভূমিদৃষ্টি’। এই অ্যাপের মূল লক্ষ্য মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো।
আগামীকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
অ্যাপটির প্রধান বৈশিষ্ট্য
ভূমিদৃষ্টি অ্যাপটি জিও-ফেন্সিং প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। এর মাধ্যমে প্রতিটি ভূমি অফিসের নির্দিষ্ট ভৌগোলিক সীমানা বা জিপিএস ভিত্তিক এলাকা নির্ধারণ করা থাকবে।
কর্মকর্তা-কর্মচারীরা ওই সীমানার ভেতরে অবস্থান করলেই মোবাইল অ্যাপের মাধ্যমে হাজিরা বা ‘চেক-ইন’ দিতে পারবেন। নির্ধারিত সীমানার বাইরে থেকে হাজিরা দেওয়ার কোনো সুযোগ থাকবে না।
হাজিরা দেওয়ার সঙ্গে সঙ্গে তথ্য কেন্দ্রীয় ড্যাশবোর্ডে হালনাগাদ হবে। ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির চিত্র দেখতে পারবেন।
কেউ নির্ধারিত সীমানার বাইরে থেকে হাজিরা দেওয়ার চেষ্টা করলে কিংবা ভুয়া অবস্থান বা ‘ফেক লোকেশন’ ব্যবহারের চেষ্টা করলে ড্যাশবোর্ডে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা পাঠানো হবে।
সাইট ভিজিট ও ছুটির সুবিধা
সরকারি কাজ, তদন্ত বা অন্য কোনো দাপ্তরিক প্রয়োজনে কর্মস্থলের বাইরে যেতে হলে অ্যাপের ‘সাইট ভিজিট’ ফিচারের মাধ্যমে বাইরে যাওয়ার কারণ উল্লেখ করা যাবে।
পাশাপাশি অ্যাপ থেকেই ছুটির আবেদন করা এবং ছুটির হিসাব সংরক্ষণ করা যাবে।
পাইলট কার্যক্রম কোন জেলায় চলছে
বর্তমানে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম- এই ৬টি জেলায় অ্যাপটির পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে।
এই ৬ জেলার ৬১০টি কার্যালয়ের মোট ৯১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে প্রাথমিক কভারেজের আওতায় আনা হয়েছে।
পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসে এটি সম্প্রসারণ করা হবে।
অ্যাপটি চালু করার ক্ষেত্রে কারিগরি সহযোগিতায় রয়েছে পারাল্যাক্সলজিক ইনফোটেক।
কেন এই অ্যাপ
ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমি প্রশাসন গড়ে তুলতে এই অ্যাপ সহায়ক ভূমিকা রাখবে।
মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি কর্মঘণ্টার সঠিক ব্যবহার ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে অ্যাপটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত ১৯ মে তেজগাঁও ভূমি ভবনে আয়োজিত ‘ভূমি সেবা মেলায়’ ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন প্রধানমন্ত্রীর কাছে ভূমিসেবা ও উপস্থিতি তদারকিতে প্রযুক্তিনির্ভর ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ চালুর প্রস্তাব উপস্থাপন করেন।
তারই ধারাবাহিকতায় আগামীকাল আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করা হচ্ছে।