ভারতে আইফোনের লঙ্গরখানা, বিনামূল্যে দেওয়া হবে ১ হাজারটি

ভারতে আইফোনের লঙ্গরখানা আয়োজন করে বিনামূল্যে ফোন বিতরণের ঘোষণা দিয়েছেন এক ব্যবসায়ী। পাঞ্জাবের অমৃতসরের বাসিন্দা রাকেশ ত্রেহান চণ্ডীগড় ও মোহালির বাসিন্দাদের জন্য আইফোন লঙ্গর নামে এই উদ্যোগ নিয়েছেন।

আগামী ২২ সেপ্টেম্বর আয়োজিত এই অনুষ্ঠানে আইফোন ১৭ ও পরবর্তী মডেলের আইফোন বিনামূল্যে বিতরণ করা হবে। রাকেশ ত্রেহান রাজা ডি কিং নামে একজন ইনফ্লুয়েন্সারও।

তিনি ঘোষণা দিয়েছেন, বিশ্বজুড়ে অ্যাপলের সবচেয়ে বেশি বিক্রি হওয়া পণ্য আইফোন বিনামূল্যে বিতরণ করা হবে। এক ভিডিও বার্তায় ত্রেহান বলেন, গণমাধ্যম ও সাধারণ মানুষের উপস্থিতিতে সরাসরি আইফোন বিতরণ করা হবে।

কোন মডেল দেওয়া হবে

ত্রেহান জানান, শুধু আইফোন ১৭ এবং এর পরবর্তী মডেলগুলো দেওয়া হবে। আইফোন ১৬ দেওয়া হবে না।

তিনি বলেন, যদি কেউ আইফোন ১৬ পায়, তাহলে সে বলবে পাশের জন আইফোন ১৭ পেল, আমি কেন পেলাম না। তাই আইফোন ১৬ বাতিল করা হয়েছে।

আইফোন ১৭-এর দাম ভারতে প্রায় ১ লাখ রুপি। ত্রেহান জানান, তিনি ইতিমধ্যে ১০০টি আইফোন ১৭ অর্ডার করেছেন এবং সর্বোচ্চ ১ হাজারটি আইফোনের ব্যবস্থা নিয়েও আলোচনা করেছেন।

কীভাবে আবেদন করবেন

বিনামূল্যে আইফোন বিতরণের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। বিজয়ীদের ফোন করে জানানো হবে যে তারা একটি আইফোন জিতেছেন।

ত্রেহান বলেন, একমাত্র যোগ্যতার শর্ত হলো গ্রুপের সব সদস্যকে ‘জয় মাতা দি’ লিখতে হবে। যারা ‘জয় মাতা দি’ লিখেছেন, তাদের মধ্য থেকেই বিজয়ীদের বেছে নেওয়া হবে।

একটি প্রতিবেদন অনুযায়ী, যতদিন না ফোন পাবেন, ততদিন প্রতিদিন একবার ‘জয় মাতা দি’ লিখতে হবে। কেউ যদি একদিন লিখতে ভুলে যান, তাহলে পরের দিন দুইবার লিখে তা পূরণ করতে পারবেন।

কোথায় কত ফোন দেওয়া হবে

ত্রেহান জানান, এই আয়োজন চণ্ডীগড় ও মোহালির বাসিন্দাদের জন্য। শুরুতে চণ্ডীগড়ে ১০০টি এবং মোহালিতে ২০০টি আইফোন বিতরণের পরিকল্পনা ছিল।

তবে প্রথম পর্যায়ে ২২ সেপ্টেম্বর ১০টি আইফোন বিতরণ করা হবে। ২২ সেপ্টেম্বর আরও ১০টি শহরের নাম ঘোষণা করা হবে।

পরবর্তী বিতরণের তারিখ ৫ অক্টোবর ঘোষণা করা হবে। অন্য শহরের বাসিন্দাদের শর্ত পূরণের জন্য ১২ থেকে ১৩ দিন সময় দেওয়া হবে।

ত্রেহান বলেন, ‘অর্থের কোনো সীমাবদ্ধতা নেই। আমরা শিগগিরই এই উদ্যোগ আরও সম্প্রসারণ করব।’

তিনি আরও জানান, আইফোন বিতরণ ধীরে ধীরে করা হবে যাতে অপব্যবহার রোধ হয় এবং স্বচ্ছতা বজায় থাকে।

এর আগে কী করেছিলেন ত্রেহান

এর আগে ত্রেহান পেট্রোল লঙ্গর নামে একটি উদ্যোগ নিয়েছিলেন। চণ্ডীগড়ে ফ্রি পেট্রোল দেওয়ার ঘোষণা দিলে শত শত মানুষ ভিড় জমান। ভারী বৃষ্টির মধ্যেও অনেকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ডাকা হয় এবং পেট্রোল পাম্প বন্ধ করতে হয়। সেদিন কেউ পেট্রোল পাননি। পরে ত্রেহান জানান, পেট্রোল লঙ্গর বাতিল হয়নি, শুধু পিছিয়ে দেওয়া হয়েছে।

আইফোন লঙ্গরের ঘোষণা এর আগে আগস্ট মাসে দেওয়া হয়েছিল। তবে শুক্রবার ভারতে আইফোন ১৮-এর বিক্রি শুরু হওয়ার দিন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়।

Leave a Comment