ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশের যেকোনো নাগরিক সংবিধান অনুযায়ী যেকোনো সময় দেশ ছাড়তে এবং দেশে ফিরতে পারেন। তিনি বলেছেন, ‘বাংলাদেশের কোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারে আবার যেকোনো সময় দেশে ঢুকতেও পারে। এটা সংবিধানে পরিষ্কার বলে দেওয়া আছে।’
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, ‘বাংলাদেশে ঢোকার পরে সরকার কী পদক্ষেপ নেবে, সেটা সরকারের হাতে’।
রাজনীতিতে ভিন্নমত স্বাভাবিক
সম্প্রতি সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা বিএনপি ঝাড়ু মিছিল করে। বক্তব্য প্রত্যাহার না করলে তাঁকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করারও হুঁশিয়ারি দেওয়া হয়।
এই প্রসঙ্গে জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, ‘রাজনীতিতে এটা হয়। এটা কিছু না। রাজনীতিতে ভিন্ন মত থাকবে, অবাঞ্ছিত ঘোষণা করা হবে। রাজনীতিতে মিছিল-মিটিং হবে, সেটাই না রাজনীতি। তো এগুলো সবই স্বাভাবিক’।
সরকারের কূটনৈতিক উদ্যোগ অব্যাহত
এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়। বৈঠকে জানানো হয়, তাঁকে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত উদ্যোগ অব্যাহত রেখেছে।
বৈঠকে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারসাম্যপূর্ণ থাকবে এবং প্রতিটি দেশের সঙ্গে অংশীদারিত্ব থাকবে। তবে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে ৩ সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, ‘আমি আমার দেশে ফিরে যেতে চাই। আমি ডিসেম্বরের মধ্যে ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করেছি।’
বর্তমানে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন এবং সরকার তাঁর প্রত্যাবর্তনের বিষয়ে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।