ভূমি মন্ত্রণালয়ের নতুন অ্যাপ ভূমিদৃষ্টি, যেভাবে মিলবে সুবিধা

মাঠ পর্যায়ের ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে নতুন অ্যাপ চালু করেছে ভূমি মন্ত্রণালয়। ভূমিদৃষ্টি নামের এই অ্যাপটি জিও-ফেন্সিং প্রযুক্তিনির্ভর।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অ্যাপটির উদ্বোধন করা হয়। ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ ।

ভূমিদৃষ্টি অ্যাপ কীভাবে কাজ করে

অ্যাপটির মূল ভিত্তি জিও-ফেন্সিং প্রযুক্তি। প্রতিটি ভূমি অফিসের জন্য নির্দিষ্ট একটি ভার্চুয়াল ভৌগোলিক সীমানা তৈরি করা থাকবে ।

কর্মকর্তা-কর্মচারীরা ওই সীমানার ভেতরে অবস্থান করলেই মোবাইল অ্যাপের মাধ্যমে হাজিরা দিতে পারবেন। বাইরে থেকে হাজিরা দেওয়ার কোনো সুযোগ নেই ।

হাজিরা দেওয়ার সঙ্গে সঙ্গে তথ্য কেন্দ্রীয় ড্যাশবোর্ডে হালনাগাদ হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিভিন্ন অফিসের উপস্থিতির চিত্র দেখতে পারবেন ।

ভুয়া লোকেশন ব্যবহার করলে কী হবে

কেউ নির্ধারিত সীমানার বাইরে থেকে বা ভুয়া লোকেশন ব্যবহার করে হাজিরা দেওয়ার চেষ্টা করলে ড্যাশবোর্ডে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা পাঠানো হবে ।

অফিস চলাকালে কেউ কর্মস্থল ত্যাগ করলে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে লাল সংকেত দেখাবে ।

সাইট ভিজিট ও ছুটির সুবিধা

সরকারি কাজ, তদন্ত বা মাঠ পরিদর্শনের জন্য অফিসের বাইরে যেতে হলে সাইট ভিজিট ফিচারের মাধ্যমে কারণ উল্লেখ করা যাবে ।

অ্যাপ থেকেই ছুটির আবেদন করা যাবে। ছুটির হিসাবও ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে ।

কোথায় কোথায় চলছে পাইলট প্রকল্প

প্রাথমিকভাবে ছয়টি জেলায় অ্যাপটির পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে। জেলাগুলো হলো ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম ।

এই ছয় জেলার ৬১০টি কার্যালয়ের ৯১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে প্রাথমিক কভারেজের আওতায় আনা হয়েছে ।

পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে এটি সম্প্রসারণ করা হবে ।

কারিগরি সহযোগিতা কে দিয়েছে

অ্যাপটি তৈরিতে কারিগরি সহযোগিতা দিয়েছে পারাল্যাক্সলজিক ইনফোটেক (পিএলএক্স) ।

ভূমি মন্ত্রণালয়ের ডিকেএমপি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী জানান, গত ১৯ মে ভূমিসেবা মেলায় প্রধানমন্ত্রীর কাছে এই প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল। তার ধারাবাহিকতায় পাইলটিং শুরু হয় ।

ভূমি সেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয় ।

Leave a Comment